হিজাব এবং আবায়া আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান অংশ। তবে সাধের হিজাব বা পছন্দের আবায়াটি যদি কয়েকবার ধোয়ার পরেই রঙ চটে যায় বা নষ্ট হয়ে যায়, তবে কারই বা ভালো লাগে? কিছু সহজ ও সঠিক নিয়মে যত্ন নিলে আপনার আবায়া ও হিজাব থাকবে বছরের পর বছর একদম নতুনের মতো। চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি সহজ উপায়:
১. হাত দিয়ে ধোয়ার অভ্যাস করুন: ওয়াশিং মেশিনে তীব্র ঝাঁকুনিতে হিজাবের জর্জেট বা সিল্কের ফেব্রিক এবং আবায়ার ফেব্রিক নষ্ট হতে পারে। তাই হালকা ডিটারজেন্ট বা শ্যাম্পু মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন।
২. উল্টো করে ধোয়া ও শুকানো: আবায়া ধোয়ার সময় সবসময় উল্টো (Inside Out) করে নেবেন। বিশেষ করে আবায়ায় যদি স্টোন, এমব্রয়ডারি বা পুঁতির কাজ থাকে, তবে অবশ্যই উল্টো করে ধুতে হবে এবং রোদে শুকানোর সময়ও উল্টো করে মেলতে হবে। এতে রঙ নষ্ট হয় না।
৩. সরাসরি কড়া রোদ এড়িয়ে চলুন: কড়া রোদে কাপড় শুকালে কাপড়ের সুতা দুর্বল হয়ে যায় এবং কালার ফেইড বা ফ্যাকাসে হয়ে যায়। তাই হালকা রোদ বা ছায়াযুক্ত বাতাসে হিজাব ও আবায়া শুকিয়ে নিন।
৪. সঠিক ইস্ত্রি বা আয়রনিং: জর্জেট, শিফন বা সিল্কের হিজাব ও দুবাই চেরি কাপড়ের আবায়া খুব বেশি তাপে ইস্ত্রি করা যাবে না। সিল্ক বা জর্জেট মুডে রেখে আয়রন করুন, সবথেকে ভালো হয় লেখার ওপর একটি পাতলা সুতি কাপড় রেখে তার ওপর দিয়ে ইস্ত্রি করলে।
৫. হিজাব পিনের ব্যবহারে সতর্কতা: হিজাব পরার সময় ভালো মানের এবং ধারালো পিন বা ম্যাগনেট ব্যবহার করুন। ভোঁতা বা সস্তা পিন কাপড়ের সুতা টেনে বের করে ফেলে, যার ফলে হিজাব দ্রুত ফুটো হয়ে নষ্ট হয়ে যায়।

